বইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা শামীমা খাতুনের

বাবুডাইং আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামীমা খাতুন বই পড়তে ভালোবাসে।

দশটি মেয়ের থেকে আলাদা, বইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আগ্রহ নিয়ে বেড়ে উঠছে মোসা: শামীমা খাতুন। বাবুডাইং আলোর পাঠশালার এই অষ্টম শ্রেণির শিক্ষার্থী জানায়, তার প্রিয় বিষয় বিজ্ঞান বই ও নারী লেখিকাদের সৃষ্টিকর্ম। সময় পেলেই সে বই পড়ে। নতুন নতুন বিষয়ে তার জানার আগ্রহ অনেক বেশি। শামীমা অজানাকে জানতে চায়। সে চায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে।

তোমার কী করতে ভালো লাগে প্রশ্ন করতেই সে বলে, ' স্যার আমার ব‌ই পড়তে খুব ভালো লাগে, বিশেষ করে নারী লেখিকার ব‌ই ও বিজ্ঞান ব‌ই। বিজ্ঞান ব‌ইয়ের বিভিন্ন বিষয়ে নতুন নতুন জ্ঞান আমাকে খুবই আকৃষ্ট করে। বিজ্ঞান বই পড়ে আমি অনেক প্রাণী এবং গাছ সম্পর্কে ধারণা লাভ করেছি এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য চিনতে শিখেছি। এছাড়াও স্কুলে ' বিজ্ঞান চিন্তা ' থেকে নতুন নতুন কল্পগল্প গুলোও আমার খুব ভালো লাগে। স্কুল এর লাইব্রেরী থেকে বেগম রোকেয়ার ব‌ই পড়ে জেনেছি নারী জাগরণের মূল মন্ত্র ' শিক্ষা। সেলিনা হোসেন এর উপন্যাস, জাহানারা ইমাম এর ' একাত্তরের দিনগুলি ' এবং সুফিয়া কামালের ' একাত্তরের ডায়েরী ' ও তার রাজনৈতিক বিভিন্ন লেখা , আমাকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে সাহায্য করেছে। '

স্কুলে বিভিন্ন সময়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন সময়ে পুরষ্কার‌ও সে পেয়েছে। শামীমার বাবা নুরুল হক গ্ৰামে কৃষি কাজের সাথে জড়িত। শামীমার মা মোসা: শিরিন বেগম কৃষিকাজ করেন। শামীমার এক ভাই ও তিন বোন। তার বড় ভাই মোঃ হয়রত আলী ঢাকায় ইমারত নির্মাণ এর লেবার হিসেবে কাজ করে। তাদের পরিবারের সদস্য সকলেই বিভিন্ন কর্মে যুক্ত আছে। সদা হাস্যোজ্জ্বল শামীমা স্কুল এর স্কাউটস দলের সাথেও যুক্ত। বাবুডাইং আলোর পাঠশালা এবং প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীমা বলে, তারা আমার পাশে না থাকলে আমার পক্ষে এত বই পড়া সম্ভব ছিল না।