সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার অংশ হিসেবে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কচ্ছপতলী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিক্রম ত্রিপুরা। প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করে গৌরবময় এই সাফল্য অর্জন করেছে। গত ১৫ অক্টোবর বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিক্রম ত্রিপুরা তার সৃজনশীলতা, শিল্পবোধ ও প্রতিভার স্বাক্ষর রেখে বিচারকদের প্রশংসা কুড়ায় এবং তৃতীয় স্থান অধিকার করায় পুরস্কার ও সনদপত্র লাভ করে।
বিক্রম ত্রিপুরার এই সাফল্যে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা বলেন , শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে। বিক্রম ত্রিপুরার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও স্বপ্ন দেখা, প্রতিভা বিকাশ এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।