আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন আয়েশার

প্রথম আলো চর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. আয়শা সিদ্দিকা।

মোছা. আয়শা সিদ্দিকা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। পিতা মো. ইউনুস আলী এবং মাতা মোছা. রৌশনারা বেগমের এই সন্তান সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি রয়েছে তার গভীর আগ্রহ ও আন্তরিকতা। বিদ্যালয়ে সে শুধু নিয়মিতই নয়, বরং শিক্ষকদের নির্দেশনা মেনে অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আয়েশা বিশ্বাস করে, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আর এই বিশ্বাস থেকেই নিজের ভেতরে শিক্ষার আলো ধারণ করে ভবিষ্যতে সে একজন আদর্শ শিক্ষিকা হতে চায়। তার স্বপ্ন—জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং সমাজ থেকে অশিক্ষার অন্ধকার দূর করা। আয়েশা মনে করে, একজন শিক্ষিকা শুধু ক্লাসরুমেই পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি গঠনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

নিজের এই মহৎ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকেই নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করছে আয়েশা। পরীক্ষায় সবসময় ভালো ফলাফল অর্জনের জন্য তার এই প্রচেষ্টা অব্যাহত আছে। তার এই পথচলায় পরিবারের সদস্য ও শিক্ষকদের নিরন্তর উৎসাহ তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়।

ভবিষ্যতে একজন দক্ষ, সৎ ও মানবিক শিক্ষিকা হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় আয়েশা। তার দৃঢ় বিশ্বাস—কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের হাত ধরে সে একদিন ঠিকই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।