অভাব আর প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা

কচ্ছপতলী আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী জগৎজ্যোতি ত্রিপুরা।

পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খাওয়া এক তরুণ জগৎজ্যোতি ত্রিপুরা। শত অভাব-অনটন আর প্রতিকূলতা পেরিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৭২ অর্জন করেছেন তিনি। তবে এই সাফল্য অর্জনের পরও তার ও তার পরিবারের সামনে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা—কলেজে ভর্তি হতে পারবেন কি না। বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা জগৎজ্যোতির বাড়ি যাদুমনি ত্রিপুরা পাড়ায়। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং পরিবারের একমাত্র ছেলে। এর আগে ২০২৪ সাল পর্যন্ত তিনি কচ্ছপতলী আলোর পাঠশালার অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ছিলেন।

অভাবের সংসারে পড়াশোনার পাশাপাশি পরিবারের একমাত্র ছেলে হিসেবে বাড়ির নানা কাজে বাবা-মাকে সহযোগিতা করতে হয় তাকে। সীমিত সামর্থ্য আর নানা সংগ্রাম সত্ত্বেও হাল ছাড়েননি তিনি। নিজের চেষ্টা ও অধ্যবসায়ের জোরে ঠিকই মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। কিন্তু এসএসসি পাস করার পর অর্থাভাবে কলেজে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন অনিশ্চয়তা। পরিবারের এই চরম আর্থিক সংকট দূর করতে গত তিন মাস ধরে স্থানীয় একটি দোকানে কাজ করছেন জগৎজ্যোতি। একদিকে জীবিকার তাগিদে শ্রম দেওয়া, অন্যদিকে নিজের পড়াশোনা টিকিয়ে রাখার এই নিরন্তর লড়াই সত্যিই অনুপ্রেরণাদায়ক।