কচ্ছপতলীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

প্রভাতফেরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কচ্ছপতলী আলোর পাঠশালার সকল শিক্ষার্থীরা।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...।’ আবদুল গাফফার চৌধুরীর এই গানের তালে তালে ও সুরে সুর মিলিয়ে ২১শে ফেব্রুয়ারিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালা। এ উপলক্ষে প্রভাতফেরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কচ্ছপতলী আলোর পাঠশালার সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রভাতফেরিটি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আরম্ভ করে কচ্ছপতলী বাজার হয়ে মংপ্রু পাড়া, চহ্লাপাড়া, কচ্ছপতলী পাড়া পর্যন্ত গিয়ে আবার বিদ্যালয়ের প্রাঙ্গণের শহীদ মিনার ফিরে আসে। এতে সকলে অংশ নিয়েছে।

প্রভাতফেরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কচ্ছপতলী আলোর পাঠশালার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রভাতফেরির পর অমর একুশের ইতিহাস, তাৎপর্য এবং বাংলা ভাষার গুরুত্বের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। প্রভাতফেরি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে আশপাশের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরাও। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা, সিনিয়র শিক্ষক অংথোয়াইচিং মারমা এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য ও ৫-৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর আলেক্ষং ইউনিয়নের মহিলা মেম্বার মেয়ইউ মারমা।

উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ, বক্তব্য প্রদান, গান, কবিতা আবৃত্তি ছিল প্রশংসনীয়। পরিশেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।