সাদিয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার

রাজশাহী আলোর পাঠশালা থেকে এবার এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মোছা. সাদিয়া আক্তার।

জীবনের নানা প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতাকে হারিয়ে এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন মোছা. সাদিয়া আক্তার। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার এই শিক্ষার্থীর সাফল্য প্রমাণ করেছে—সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে প্রতিকূল পরিবেশেও স্বপ্নের শিখরে পৌঁছানো সম্ভব। তিন ভাই ও এক বোনের সংসারে সাদিয়া মেজ। বাবা পেশায় একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী এবং মা গৃহিণী। সীমিত আয়ের পরিবারে সন্তানদের পড়াশোনার খরচ চালানো সহজ ছিল না। তবে সাদিয়ার অদম্য আগ্রহ এবং বাবা-মায়ের নিরবচ্ছিন্ন সহযোগিতার কারণে পড়াশোনা থমকে যায়নি। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে রাজশাহী আলোর পাঠশালা থেকে দীর্ঘ পথ পেরিয়ে এবার সফলভাবে মাধ্যমিকের গণ্ডি পার করেন তিনি।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায় এই প্রতিষ্ঠানটি। নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে সাদিয়া জানান, ভবিষ্যতে তিনি একজন শিক্ষক হতে চান। তাঁর ইচ্ছা—নিজের মতো সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের স্বপ্ন পূরণের সঙ্গী হওয়া।