অভাবকে হার মানিয়ে স্বপ্নের পথে শামীম শেখ

রাজশাহী আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী শামীম শেখ।

অভাব-অনটনের মধ্যেও শিক্ষা অর্জনের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছে রাজশাহীর কিশোর শামীম শেখ। সে রাজশাহী আলোর পাঠশালার সপ্তম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। প্রতিদিন নদীর ওপার থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে এসে পড়াশোনা করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখছে সে।

শামীমের বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী। সীমিত আয়ের এই পরিবারে দুই ভাই ও এক বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সংসারে অভাব থাকলেও শামীমের পড়াশোনার আগ্রহ একটুও কমেনি। প্রতিদিনের নানা কষ্ট ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিদ্যালয়ে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে।

ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে শামীম। তার বিশ্বাস শিক্ষা ও কঠোর পরিশ্রমই তাকে একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষক জানান, শামীম একজন পরিশ্রমী শিক্ষার্থী। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার নিয়মিত বিদ্যালয়ে আসা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।

এ ধরনের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রথম আলো ট্রাস্ট। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতা শামীমের মতো অনেক শিক্ষার্থীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। সে জন্য প্রথম আলো ট্রাস্ট ও এর সঙ্গে জড়িত সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।