মদনপুর আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪ এপ্রিল ২০২৬ মদনপুর আলোর পাঠশালায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মদনপুর আলোর পাঠশালায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গত ১৪ এপ্রিল ২০২৬ দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের আশীর্বাদ জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার এবং নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আবির হোসেন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুন্নবী। বক্তব্য প্রদানের এক পর্যায়ে নুরুন্নবী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত শিক্ষক ও সহপাঠীদের মাঝেও বিষাদের ছায়া নেমে আসে। শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর মিয়া তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।

এ বছর মদনপুর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারা হলো- মোঃ আরমান হোসেন, মোহাম্মদ নুরনবী, সালমা বেগম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মানসুর, ও সোনিয়া আক্তার। বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক হিসেবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি ফাইল, একটি স্কেল, একটি কলম এবং একটি ক্যালকুলেটর তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভার সভাপতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিদায়বেলায় প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কষ্ট থাকলেও ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করার প্রত্যয় প্রতিটি পরীক্ষার্থীর চোখে-মুখে ছিল।