শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজশাহী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দিতে রাজশাহী আলোর পাঠশালায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রতিরোধ সচেতনতা ও স্বাস্থ্য অধিকারে সোচ্চার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ‘অপরাজেয় তারুণ্য (UYP)’, ‘RHSTEP’ এবং স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বাঁধন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

ক্যাম্পেইনে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তচাপ পরীক্ষা করা হয়।

রাজশাহী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত।

কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের উচ্চতা ও বয়সের সঙ্গে শরীরের ওজনের সামঞ্জস্য, রক্তের সঠিক গ্রুপ জানা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত সচেতন করা হয়। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকলে তা জীবন বাঁচাতে কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে বোঝানো হয়।

সংশ্লিষ্টদের মতে, আয়োজকদের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং নিজেদের শারীরিক সুস্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের একটি চমৎকার সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।