মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের সঙ্গে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাসনীম আলম তুলিকে সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট করে এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে ভালো পারফরম্যান্স করা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে কচ্ছপতলী আলোর পাঠশালা কুচকাওয়াজে প্রথম স্থান ও ডিসপ্লে প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অধিকার করে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে শিক্ষার্থীরাও অনন্দভরে দিনটি উদযাপন করে।