মানুষের সেবা করতে নার্স হতে চায় মদিনা

রাজশাহী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মদিনা।

‘মাধ্যমিকে পড়ার সুযোগ পাব ভাবতেই পারিনি!’ কথাটি বলে মদিনা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকে। কী হয়েছিল জিজ্ঞেস করলে তার জীবনের গল্প বলতে শুরু করে সে।

মাদিনা জানায়, আমাদের সংসারে অনেক অভাব। বাবা-মা বলেছে, তোদের দুই ভাই-বোন কে লেখাপড়া করাতে পারব না। তোর বড় ভাইকে কাজে দিয়েছি। তোকেও বিয়ে দিয়ে দিব।’ এ কথাগুলো শোনার মদিনা মন খারাপ করে বসে থাকত। তার ইচ্ছা ছিল লেখাপড়া করার। কারণ পড়াশোনা করতে ভালো লাগে, তার অনেক জানার আগ্রহ অনেক।

এদিকে টাকা দিয়ে মাধ্যমিকে পড়ালেখার মতো অবস্থা নাই তাদের। একসময় মদিনা জানতে পারল যে, এই এলাকাতে একটি মাধ্যমিক বিদ্যালয় করা হবে, সেখানে কোন টাকা পয়সা লাগবে না। এ কথা শুনে মদিনা মহা খুশি হয়। সে তার মনের আশায় আলো দেখতে পায়। তখন সে প্রাথমিকের শিক্ষার্থী ছিল।

পরে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় মদিনার বাড়ির পাশেই রাজশাহী আলোর পাঠশালা প্রতিষ্ঠা করা হয়। এখন মদিনা এই আলোর পাঠশালার অষ্টম শ্রেণির ছাত্রী। সে নিয়মিত স্কুলে আসে। স্কুলের সব ধরনের অনুষ্ঠানে আগ্রহ সহকারে অংশগ্রহণ করে। পড়াশোনার পাশাপাশি যেকোনো ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমেও তার আগ্রহ বেশ।

তার স্বপ্ন জানতে চাইলে জানায়, ‘আমি লেখাপড়া করে নার্স হতে চাই এবং আমার এলাকার ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয়ে সচেতন করতে চাই।’

মদিনার ইচ্ছা সে বড় হয়ে মানুষের সেবা করবে। একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করবে। তার মতো হাজারো মদিনার স্বপ্ন পূরণে প্রথম আলো ট্রাস্ট সর্বদাই পাশে থাকুক এই প্রত্যাশা করি।