লক্ষ্মীপুরের মেঘনা উপকূলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত ২১ মে ২০২৬, রোজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন, সহকারী শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক আসমা আক্তার, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, খণ্ডকালীন শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শুভেচ্ছা বক্তব্য পর্ব শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে ছুটির একটি নোটিশও প্রকাশ করা হয়। আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে ২০২৬ থেকে ০৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়ের যাবতীয় শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ছুটি শেষে যথানিয়মে পুনরায় পাঠদান শুরু হবে।