পাহাড়পুর বৌদ্ধ বিহারে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা

পাহাড়পুর বৌদ্ধ বিহারে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা

শিক্ষা সফরের কথা শুনে কারও যেন ঘুম আসতে চায় না! শিক্ষার্থীদের সময় দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার ভোর ৬: ৩০ মিনিট। ওরা এসে বসে আছে ভোর ৬টায়। যাদের সাড়ে ৯টায়ও ঘুম ভাঙে না। অনেক সময় বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হয়, সেখানে ওরা এতো সকালে এসে বসে আছে ভাবাই যায় না! বাসে ওঠার সময় শিক্ষকবৃন্দ সবাইকে গুনে নেন এবং সুন্দরভাবে বাসের সিটে বসিয়ে নিজেরা বসেন। ঠিক সাড়ে ৭টায় রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বাসটি স্কুল থেকে রওনা হয় পাহাড়পুর বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে।

আলোর পাঠশালার বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনের মাধ্যমে এক আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সম্প্রতি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সফরের মূল উদ্দেশ্য ছিল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা।

শিক্ষা সফরে আনন্দঘন সময় পাড় করছে শিক্ষার্থীরা।

শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করে। উপস্থিত শিক্ষকেরা সেখানে বৌদ্ধবিহারের স্থাপত্য, ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীরা জানান, পাঠ্য বইয়ে পড়া ইতিহাস বাস্তবে দেখে তাদের শেখার আগ্রহ আরও বেড়েছে। এমন শিক্ষা সফর ভবিষ্যতে আরও আয়োজন করা হলে তা শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করে।

সকলে সারিবদ্ধভাবে দুপুরের খাবার গ্রহণ করছে।

শিক্ষকেরা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে অধ্যয়নরত শিক্ষার্থীরা দিনটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছে। তাদের এই আনন্দের মধ্য দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণ শেষ হয় এবং শিক্ষকেরা বিদ্যালয়ে এসে সকল শিক্ষার্থীদের বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছে দেন।