আগুন কেড়ে নিয়েছিল মাথা গোঁজার ঠাঁই, কিন্তু কেড়ে নিতে পারেনি অদম্য স্বপ্ন। দমদমিয়া আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম রানা বড় হয়ে একজন ফায়ারসার্ভিসের কর্মী হতে চায়। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ২টার দিকে ভয়াবহ আগুনে রানার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ছোট্ট বয়সেই সর্বনাশী আগুনের সেই ধ্বংসযজ্ঞ ও পোড়ামাটি নিজের চোখে দেখে রানা। আর সেই মর্মান্তিক ঘটনা থেকেই ফায়ারসার্ভিসের কর্মী হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয় তার মনে।
পারিবারিক দিক থেকে অর্থনৈতিক সংকট থাকলেও নিজের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর রানা। নিয়মিত স্কুলে যায় এবং মন দিয়ে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তার রয়েছে গভীর ভালোবাসা। স্কুলের পাঠ শেষে সুযোগ পেলেই সে পরিবারের কাজে সহযোগিতা করে।
নিজের লক্ষ্য নিয়ে রাকিবুল ইসলাম রানা বলে, শিক্ষিত মানুষ হয়ে শৃঙ্খলা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ দিয়ে আচরণ সুন্দর করে, মানুষের মতো মানুষ হয়ে সুন্দর জীবন গড়ে তুলে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। ভালোমতো লেখাপড়া করে শিক্ষিত মানুষ হব। পেশা হিসেবে ফায়ারসার্ভিসের কর্মী হতে আমার ছোটবেলা থেকে ইচ্ছা। আমি যেন ভালো অগ্নিনির্বাপক কর্মী হতে পারি, সে লক্ষ্যে এগিয়ে যেতে চাই। অগ্নিনির্বাপক কাজকে আমি মহৎ কর্ম ও সেবা বলে মনে করি। আমার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। রানার শিক্ষকরা জানান, সে অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র ছাত্র। কাজের প্রতি তার আগ্রহ অনেক বেশি। শিক্ষকদের মতে, সঠিক সুযোগ পেলে ভবিষ্যতে সে ভালো কিছু করবে এবং দেশের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিদ্যালয়ের পক্ষ থেকেও তার স্বপ্ন পূরণে নিয়মিত উৎসাহ দেওয়া হয়।