মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ ও পিটি প্যারোডে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে প্রত্যন্ত অঞ্চলের গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা। উপজেলা শহরের নামিদামি স্কুলগুলোকে পেছনে ফেলে পিটি প্যারোডে প্রথম স্থান অধিকার করে নিয়েছে অজপাড়া গাঁয়ের এই বিদ্যালয়টি।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১৬টি দল ক ও খ গ্রুপে কুচকাওয়াজ ও পিটি প্যারোডে অংশগ্রহণ করে। এতে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা কুচকাওয়াজ খ গ্রুপে তৃতীয় স্থান এবং পিটি প্যারোডে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে। উপজেলার এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন, নিয়ামতপুর থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বিজয়ী শিক্ষার্থীরা অতি আনন্দের সাথে ৪৬ নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের এমন সাফল্য পুরো উপজেলায় আনন্দের ঢেউ তুলেছে।