শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে কচ্ছপতলী আলোর পাঠশালার উদ্যোগ

পরিদর্শনকালে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং নানা পরামর্শ দেন।

শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে পরিবারের মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কচ্ছপতলী আলোর পাঠশালা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার নেতৃত্বে শিক্ষকদের একটি দল নিকটস্থ বিভিন্ন গ্রামে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, বাড়ীর পড়ার পরিবেশ এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শিক্ষকরা অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়া, তাদের কাছে কিছুটা সময় বসা এবং পড়াশোনায় উৎসাহ দেওয়া শিশুর শেখার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও সন্তানদের ছোট ছোট সাফল্যে অনুপ্রেরণা জানানো তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

পরিদর্শনকালে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার এক বাস্তব চিত্রও উঠে আসে। দেখা যায়, অধিকাংশ পরিবারে শিক্ষার্থীদের জন্য আলাদা পড়ার টেবিল বা উপযুক্ত পরিবেশ নেই। সীমিত সামর্থ্যের মধ্যে মেঝেতে বসেই তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি শিক্ষকদের অনুধাবন করিয়ে দেয় যে, এসব শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা কতটা জরুরি। বিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস, এ ধরনের হোম ভিজিট ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা বজায় রাখতে পারলে শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে পড়ার অভ্যাস গড়ে উঠবে এবং সার্বিক শিক্ষার মান আরও উন্নত হবে। পরিবার ও বিদ্যালয়ের যৌথ প্রচেষ্টাই শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে পারে বলে মনে করে বিদ্যালয়টি।