রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পঞ্চম জেলা কাব হলিডে। এতে জেলার সকল উপজেলা থেকে আগত ৩০টি কাব দল অংশ নেয়। বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে গোদাগাড়ি উপজেলা স্কাউটস। এতে অংশ নেয় গোদাগাড়িতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার কাব দলও।
সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলার কমিশনার মাহমুদুল হক। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা স্কাউটসের সম্পাদক মতিউর রহমান, জেলা স্কাউটসের এসিস্ট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) প্রতিনিধি ফিরোজ আহমেদ সিদ্দিক, মোহনপুর উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুল আলিম, দূর্গাপুর উপজেলা স্কাউটস কমিশনার আজিজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কাব লিডার ও এ অনুষ্ঠানের প্রোগ্রাম চীফ নেসার আহমেদ।
এরপর শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩০টি কাব দলকে চারটি ভাগে ভাগ করে বিভিন্ন চ্যালেঞ্জ দেয়া হয়। এসময় দলগুলো বৃত্ত গঠন ও চলার নিয়ম, দড়ির কাজ, স্কাউটস সালাম, চিহ্ন, প্রতিজ্ঞা, আইন, মটো ও আইন নৃত্য সম্পর্কে জ্ঞান লাভ করে। এছাড়া ভারসাম্য রক্ষা, টার্গেট হিট, বালতিতে বল নিক্ষেপ ও রিং ছোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে বাবুডাইং আলোর পাঠশালার কাব দল।
দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজুয়ানুল কবির, জেলা স্কাউটসের কমিশনার মাহমুদুল হক, সম্পাদক মতিউর রহমান, গোদাগাড়ি উপজেলা স্কাউটসের কমিশনার আশরাফুজ্জামান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ সাহানা মান্নান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাব দল ও সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও নাজমুস সাদাত। এসময় তিনি বলেন, স্কাউটিং একটি মহান কাজ। যারা স্কাউট করে তারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। স্কাউট সদস্যরা দেশ ও সমাজ সেবায় এগিয়ে আসে। করে মানবিক কাজ। দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে এসে দাঁড়ায়। আমাদের শিক্ষার্থীদের স্কাউট শিক্ষায় দীক্ষিত করে তুলতে হবে।