রোয়াংছড়ি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর হাডুডু (কাবাডি) খেলায় অনন্য সাফল্য অর্জন করেছে কচ্ছপতলি আলোর পাঠশালা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিদ্যালয়ের বালিকা একাদশ চ্যাম্পিয়ন এবং বালক একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতার বালিকা বিভাগে কচ্ছপতলি আলোর পাঠশালার খেলোয়াড়েরা শুরু থেকেই দারুণ নৈপুণ্য ও শৃঙ্খলা প্রদর্শন করে। তারা প্রথম ম্যাচে বেতছড়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বী রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা একাদশকে হারিয়ে তারা শিরোপা ছিনিয়ে নেয়। অন্যদিকে, বালক বিভাগেও দুর্দান্ত লড়াই চালিয়ে কচ্ছপতলি আলোর পাঠশালার বালক একাদশ রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখায়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জোড়া সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক ও ক্রীড়া কর্মকাণ্ডে এমন সাফল্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে। বিজয়ী ও বিজিত সব খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কোচদের সামাজিক ও স্থানীয় বিভিন্ন পর্যায় থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।