রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়ার জন্য একটি করে বই তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের বই পড়ার জন্য কার্ডও দেওয়া হয়। দুপুর দুইটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়। শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহ ও বই পড়ার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, জ্যেষ্ঠ শিক্ষক লুইশ মুর্মু, বিমল হাসদাক্, উম্মে কুলসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক লুইশ মুর্মু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মৌমিতা হাসদা, সাকিবুল হাসান, ইয়াসির আরাফাত, সিমা খাতুন।
এসময় বক্তারা বলেন, বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির যুগ। যার কাছে যত বেশি তথ্য ও জ্ঞান বেশি থাকবে, তারাই বেশি এগিয়ে যাবে। অন্ধকারকে দূর করে আলোর পথে আসতে হলে নানা বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। আর এসব জ্ঞান অর্জনের জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে। বই মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে। আমাদের সঠিকভাবে বিকশিত হতে হলে অবশ্যই ভালো ভালো বই পড়তে হবে।
আলী উজ্জামান নূর জানান, গত দুই বছর থেকে বাবুডাইং আলোর পাঠশালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি চলছে। এ কর্মসূচির মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এক বছরে প্রায় ২০টি বই পড়ে থাকে। শিক্ষার্থী কার্ডের মাধ্যমে তারা বই জমা দিয়ে নতুন আরও একটি বই সংগ্রহ করতে পারে। এভাবে নানা বিষয়ে বই পড়ার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে। যা তাদের মানসিক উন্নয়নে ভূমিকা রাখে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।