কর্মসুচী পালন
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সামাজিক সংকট নিরসনে মানববন্ধন ও আলোচনা সভা
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মে বুধবার, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদের মোহনায় অবস্থিত ‘প্রথম আলো চর আলোর পাঠশালা’ প্রাঙ্গণে ‘জাস্টিস ফর চর পিপুল’ এবং ‘ইউথ এনডিসি ফর ঢাকা ও কুড়িগ্রাম’-এর সদস্যরা এই কর্মসূচির আয়োজন করেন।
এদিন সংগঠনের সদস্যরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং চরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের ফলে চরাঞ্চলের জনজীবনে সৃষ্ট নানাবিধ সংকট তুলে ধরা হয় এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই দিনে বিদ্যালয়ের ৩৫ জন অভিভাবককে নিয়ে বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ, ঝরে পড়া রোধ এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির গুরুত্ব বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের প্রতিনিধি ফাতেমা নুর জেরিন এসব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিজুল হক বলেন, ' প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। নদীবেষ্টিত এই চরের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে। আগে এখানে বাল্যবিবাহ ও শিশুশ্রমের হার অনেক বেশি ছিল। কিন্তু বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করায় এসব সামাজিক সমস্যা এখন অনেকটাই কমে এসেছে।'
চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় আয়োজক সংগঠনের সদস্যরা প্রথম আলো ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নদীবেষ্টিত চরে এমন একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান দেখে তারা অভিভূত এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।