বড় হয়ে চিকিৎসক হতে চায় চতুর্থ শ্রেণির সিনহা

প্রথম আলো চর আলোর পাঠশালার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাফসা আক্তার সিনহা চিকিৎসক হতে চায়।

ছোট্ট কাঁধে বড় স্বপ্নের আশা নিয়ে এগিয়ে চলেছে চতুর্থ শ্রেণির এক চঞ্চল ও মেধাবী শিক্ষার্থী হাফসা আক্তার সিনহা। বয়স মাত্র ১০ বছর হলেও তার চোখে ভেসে উঠছে এক মহৎ স্বপ্ন—বড় হয়ে একজন আদর্শ চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করা। সিনহার এই সুন্দর স্বপ্নের নেপথ্যে রয়েছে তার পারিবারিক পরিবেশ ও বাবা-মায়ের শিক্ষা। তার বাবা পেশায় একজন চিকিৎসক এবং মা একজন শিক্ষিকা। প্রতিদিন ঘরেই সে প্রত্যক্ষ করে কীভাবে তার বাবা অসুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং মা শিক্ষার্থীদের আলো ছড়ান। বিশেষ করে বাবার সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ পরে রোগীদের সেবা দেওয়ার দৃশ্যটি তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। সেও চায় বাবার পথ ধরে ভবিষ্যতে রোগীদের সেবা দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে।

পড়াশোনায় অত্যন্ত মনোযোগী সিনহার বিশেষ আগ্রহ বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সিনহা অত্যন্ত বিনয়ী, কৌতূহলী ও আন্তরিক এক শিক্ষার্থী। শিক্ষিকা মায়ের সঠিক দিকনির্দেশনা এবং চিকিৎসক বাবার অনুপ্রেরণায় সে প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সিনহার মা বলেন, ' আমরা কখনোই তার ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। তবে সে নিজে থেকেই বাবার পেশা ও মানবসেবাকে খুব পছন্দ করে। আমরা চাই সে একজন সুনাগরিক হয়ে দেশের সেবা করুক।' তার বাবাও মেয়ের এমন উদ্যোগে গর্বিত। তিনি বলেন, সিনহার এই আগ্রহ দেখে খুব আনন্দ পাই। সে যদি ভবিষ্যতে চিকিৎসক হয়ে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে, তবেই অভিভাবক হিসেবে আমাদের সার্থকতা।