নদীভাঙন ও চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অবশেষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলের জেলে-পল্লীর সন্তান বাদশা বেপারী। লক্ষ্মীপুর সরকারি কলেজের মানবিক শাখা থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে সে। উপকূলের চরম প্রতিকূল পরিবেশ জয় করে বাদশার এই শিক্ষা সফর এখন স্থানীয় অন্য শিশুদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
বাদশা বেপারী লক্ষ্মীপুরের মেঘনা উপকূলের সুবিধাবঞ্চিত জেলে-পল্লীতে আলো ছড়ানো বিদ্যাপীঠ মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এই বিদ্যালয়টি উপকূলের ধীবর (জেলে) পরিবারের সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। সেখান থেকেই বাদশার প্রাথমিক শিক্ষার শক্ত ভিত গড়ে ওঠে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাদশা বেপারী জানায়, ' নদীতীরবর্তী অভাবী সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়া আমার জন্য প্রায় অসম্ভব ছিল। কিন্তু ধীবর আলোর পাঠশালার শিক্ষকদের সহায়তায় আমি আজ এতদূর আসতে পেরেছি। লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার পর আমার স্বপ্নটা আরও বড় হয়েছে। আমার লক্ষ্য এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।'
মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন জানান, বাদশা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও অধ্যাবসায়ী। মেঘনার বুকে ঝড়-ঝাপটা উপেক্ষা করে সে যেভাবে পড়াশোনা ধরে রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। তার এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে উপকূলের প্রান্তিক শিশুরাও অনেক দূর এগিয়ে যেতে পারে। স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা বাদশার এই স্বপ্নযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।