সেবার মানসিকতা নিয়ে বড় হচ্ছে ছোট্ট রিশাদ

রাজশাহীর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিশাদ আহম্মেদ আরশ।

রাজশাহীর এক সাধারণ পরিবারের সন্তান রিশাদ আহম্মেদ আরশ। ছোট্ট বয়সেই জীবন তাকে চিনিয়েছে সংগ্রামের কঠিন বাস্তবতা। পরিবারের আর্থিক অবস্থা নাজুক। তার বাবা একটি দোকানে কাজ করে সংসার চালান। মা-বাবা আর দুই ভাইয়ের এই ছোট্ট পরিবারে প্রতিদিনই চলে টিকে থাকার লড়াই। তবুও দুঃখ-কষ্টকে সঙ্গী করেই রিশাদ পড়াশোন চালিয়ে যাচ্ছে।

ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অদম্য আগ্রহ আছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর আলোর পাঠশালার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। মাঝপথে যখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন আশার আলো হয়ে পাশে দাঁড়ায়  প্রথম আলো ট্রাস্ট। তাদের সহায়তায় স্কুলের খরচ, পড়াশোনার প্রয়োজনীয় সহায়তায়ে এগিয়ে যাচ্ছে রিশাদ।

রিশাদ বয়সে ছোট হলেও স্বপ্ন অনেক বড় তার। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। শুধু নিজের জীবনের উন্নতির জন্য নয় বরং সমাজের অসহায় মানুষের সেবা করার ইচ্ছাই তাকে অনুপ্রাণিত করে।

রিশাদ কৃতজ্ঞতার সঙ্গে জানায়, ‘প্রথম আলো ট্রাস্ট আমার জীবনে অনেক বড় ভূমিকা রেখেছে। তাদের সাহায্য না পেলে হয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত। আমি ডাক্তার হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করব। ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।’