টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ তারিখ কাক ডাকা ভোরে একে একে আমাদের শিক্ষার্থীরা ফুল হাতে বিদ্যালয়ে প্রবেশ করে। এখানে প্রচলিত ফুল সেভাবে পাওয়া না গেলেও প্রায় সকলের হাতেই ছিল পাহাড়ের বনফুল। সকালের প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। এরপর ভাষা-শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশ শেষে একে একে সকলে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সকলের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল একুশের অমর গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর সকাল দশ ঘটিকায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এবারের আয়োজনে ছিল বেলুন ফাটানো, চকলেট দৌড়, মোমবাতি দৌড়, সুইয়ে সুতা ভরানো, লক্ষ্যভেদ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসমাইল, প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, জমিদাতা সৈয়দুল আমিন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় অভিভাবকবৃন্দ। এ সময় প্রধান শিক্ষক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। প্রতিটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের উপহার তুলে দেওয়া হয়।
সব শেষে পবিত্র রমজান মাসে করণীয় এবং দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।