প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৪ মে বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আন্তঃক্লাস প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছে।
খেলায় নবম শ্রেণির শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের আন্তরিকতা, শৃঙ্খলা ও দলীয় সমন্বয় উপস্থিত সকলকে মুগ্ধ করে। দর্শক হিসেবে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মংক্যউ মারমা। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার মধ্য দিয়ে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্মানিত শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। খেলায় সেরা গোলকিপার হিসেবে ফুলকলি এিপুরা (ষষ্ঠ শ্রেণি) ও ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নন্দিতা ত্রিপুরা (অষ্টম শ্রেণি), এবং সেরা গোলদাতা হিসেবে উখিমে মারমা (নবম শ্রেণি) পুরস্কার অর্জন করে। এ সময় খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সমগ্র আয়োজনটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।