জুয়েল রানার সাফল্যের গল্পে অনুপ্রেরণা

রাজশাহী আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী মো. জুয়েল রানা বর্তমানে তিনি রাজশাহী কোর্ট কলেজ-এ ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

অভাব-অনটনের সঙ্গে লড়াই করেও বড় স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন রাজশাহীর নদীর ওপারের এক গ্রামের ছেলে মো. জুয়েল রানা। বাবা কৃষক, মা গৃহিণী। চার ভাই-বোনের সংসারে জুয়েল সবার ছোট। চরম দারিদ্র্যের মধ্যেও জুয়েল স্বপ্ন দেখেন একজন সমাজসেবক হওয়ার। মানুষের পাশে দাঁড়ানো ও অসহায়দের জন্য কিছু করার এই স্বপ্নই তাঁকে প্রতিনিয়ত শক্তি জুগিয়েছে।

নদীর ওপার থেকে প্রতিদিন নৌকায় চেপে তাঁর শিক্ষাজীবনের যাত্রা সহজ ছিল না। তবে অদম্য ইচ্ছাশক্তি আর পরিবারের অনুপ্রেরণায় তিনি ভর্তি হন প্রথম আলো ট্রাস্ট-এর উদ্যোগে প্রতিষ্ঠিত রাজশাহী আলোর পাঠশালাতে। সেখানেই তাঁর শিক্ষাজীবনের মোড় ঘুরে যায়। আলোর পাঠশালার সহায়তায় তিনি সফলভাবে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি রাজশাহী কোর্ট কলেজ-এ ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

জুয়েল রানার কাছে এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি সংগ্রাম ও স্বপ্নের জয়। তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রথম আলো ট্রাস্টকে। তিনি বলেন, ' আমার জীবনে প্রথম আলো ট্রাস্ট একটি আশীর্বাদ। তারা শুধু পড়াশোনার সুযোগই দেয়নি, আমাকে বড় স্বপ্ন দেখার সাহসও দিয়েছে।' জুয়েল রানা বিশ্বাস করেন, তাঁর এই সংগ্রাম একদিন সমাজের জন্য কাজ করার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে উঠবে। সুযোগ পেলে গ্রামের এক সাধারণ ছেলেও যে অসাধারণ কিছু করে দেখাতে পারে, জুয়েল রানার এই গল্প তারই উজ্জ্বল দৃষ্টান্ত।