স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে ১৮টি পুরস্কার পেল বাবুডাইং আলোর পাঠশালা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৮টি পুরস্কার অর্জন করেছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৮টি পুরস্কার অর্জন করেছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এছাড়া দিবস উপলক্ষে দুইদিনব্যাপী কর্মযজ্ঞ চলে বিদ্যালয় প্রাঙ্গণে।

এ উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ছয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয় বাবুডাইং আলোর পাঠশালা কাব দল ও স্কাউট দলের সদস্যরা। সকলে বাসযোগে রওনা দেয় প্রায় ৩০ কিমি দূরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে। সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় কাব ও স্কাউট দল। উভয় দলই কুচকাওয়াজে দ্বিতীয় ও ডিসপ্লেতে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন শ্রেণির ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২ জন শিক্ষার্থী ১৩টি পুরস্কার অর্জন করে।

উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় কাব ও স্কাউট দল।

এর আগে সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রতন।এছাড়া শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একে একে কুচকাওয়াজ প্রদর্শন করে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামশুল ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল হক।

উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন শ্রেণির ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১২ জন শিক্ষার্থী ১৩টি পুরস্কার অর্জন করে।

অন্যদিকে দিবসটি উপলক্ষে আগের দিন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ১৮টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়ার মধ্যে ছিল দৌড়, মোরগ লড়াই, হাঁড়িভাঙ্গা, চেয়ার খেলা, বালিশ খেলা, জলে-ডাঙ্গায়, মোমবাতি দৌড়, বিস্কিট দৌড়, দড়ি খেলা, বেলুন ফাটানো, তীর নিক্ষেপ প্রতিযোগিতাসহ আরও খেলা। অনুষ্ঠানের দিন দুপুর দুইটায় আয়োজন করা হয় আলোচনা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।