ষষ্ঠ শ্রেণির নবীনদের বরণ করে নিল কচ্ছপতলি আলোর পাঠশালা

ফুল দিয়ে ষষ্ঠ শ্রেণির নবীনদের বরণ করে নেয় কচ্ছপতলি আলোর পাঠশালা।

শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমনে চারদিকে হিমেল হাওয়া বইছে। গাছপালা লতাপাতা ঝরে পড়ে আবার নতুন পাতা জন্ম নিচ্ছে। বনের পাখিরা গাছের ডালে বসে মধুর সুরে ডাকছে। ডানা মেলে আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। প্রকৃতি তার পুরোনো রূপ বদলে নতুন রূপে সেজে উঠছে। এমনিভাবে পুরাতনের বিদায় আর নবীনের আগমনে মুখরিত ছিল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলি আলোর পাঠশালা। গতকাল ২৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন কচ্ছপতলি আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা।

নবীনবরণ অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে কচ্ছপতলি আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা বলেন, বিদ্যালয় শুধু জ্ঞান আহরণের স্থান নয় বরং মানুষ হওয়ার অনুপ্রেরণা প্রাপ্তিস্থান। জ্ঞানের আলোর মশাল হাতে নিয়ে সমাজের অন্ধকার দূরীকরণে শিক্ষার্থীদের অবদান অত্যাবশ্যক। তাই আকাশ সমান স্বপ্ন দেখা, পরিশ্রম করা, ভুল হলে ভুল থেকে শেখা এবং চেষ্টা করে সাফল্য অর্জন করাই একজন শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচ্ছপতলি আলোর পাঠশালার নারী ও শিশু নির্যাতন কমিটির সভাপতি জনাব মংক্যউ মারমা, মেম্বার, ৫ নম্বর ওয়ার্ড, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মংহলাউ মারমা, কারবারি, কচ্ছপতলী পাড়া, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।