গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় শিক্ষা সফর সম্পন্ন

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষা সফরে সমবেত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতি বছরের ন্যায় বার্ষিক পরিকল্পনা অনুসারে ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রোজ সোমবার শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সকাল ৬টায় অভিভাবকদের সঙ্গে করে বিদ্যালয়ে এসে উপস্থিত হয়। শিক্ষার্থীরা এতটাই উদ্‌গ্রীব ছিল যে, অনেকেই নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়।

সকাল ৬টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের বাসে ওঠানো হয়। তাদের নামের তালিকা অনুযায়ী নাম ডেকে সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের প্রত্যেকের গলায় শিক্ষা সফর কার্ড পরিয়ে দেওয়া হয়। সকাল ৬টা ৫০ মিনিটে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বাসটি রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৮টা ২০ মিনিটে বাসটি নিরাপদে গন্তব্যে পৌঁছালে সকাল ৯টায় নাশতা বিতরণ করা হয়।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীরা।

নাশতা শেষে শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে ভাগ করে শিক্ষকদের তত্ত্বাবধানে ঘুরতে বের হয়। ফুলের সমারোহ পার্কের প্রকৃতিকে করেছে মনোমুগ্ধকর। কৃত্রিম প্রাচীন মানব গুহা দেখে শিক্ষার্থীরা অনেক আনন্দিত। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. আনিসা তাহসিন বলে, 'আমার খুব ভালো লাগছে শিক্ষা সফরে এসে। এখানে প্রাচীন মানব গুহা দেখলাম বইয়ে পড়েছিলাম যেমনটি।’

কয়েক জন শিক্ষক ও দুজন বাবুর্চি মিলে দুপুরের খাবার রান্না করেন। দুপুরের খাবার খেয়ে শিক্ষকসহ শিক্ষার্থীরা কিছুক্ষণ জিরিয়ে নেয়। তারপর নেচে গেয়ে কিছু সময় পিকনিক স্পট এ কাটায়।

দিনভর আনন্দ উল্লাসে কাঠিয়েছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

দশম শ্রেণির শিক্ষার্থী মো. রুমান হোসেন বলে, 'আমরা সবাই অনেক আনন্দিত শিক্ষা সফরে আসতে পেরে। একঘেয়েমি কাটিয়ে আমরা আবার লেখাপড়ায় ভালোভাবে মনোযোগী হতে পারব।'

তারপর শিক্ষার্থীরা তাদের পরিবারের ছোট সদস্যদের জন্য খেলনা ও খাবার কিনতে ব্যস্ত হয়ে পড়ে। প্রত্যেকের হাতে কেনাকাটার ব্যাগ আর মুখে হাসি নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেয় সকলে। দিনভর আনন্দের পর বিকেল ৫টা ৩০ মিনিটে সকলকে নিয়ে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার উদ্দেশ্যে রওনা করা হয়। রাত ৭টা ২০ মিনিটে নিরাপদে বাসটি বিদ্যালয়ে এসে পৌঁছায়। তারপর প্রত্যেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করে শিক্ষা সফল সমাপ্ত হয়।