মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালায় নৌ সচেতনতা সভা

শিক্ষার্থীদের নিরাপদ জীবনযাপন ও নৌ দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিরাপদ জীবনযাপন ও নৌ দুর্ঘটনা এড়াতে এক বিশেষ সচেতনতামূলক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে মো. আজিজুল ইসলাম শিক্ষার্থীদের সাঁতার শেখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে জীবন রক্ষার্থে প্রতিটি শিশুর সাঁতার জানা অপরিহার্য। সাঁতার না জানার কারণে প্রতি বছর অনেক তাজা প্রাণ অকালে ঝরে যায়, যা অত্যন্ত বেদনাদায়ক। তাই প্রতিটি শিক্ষার্থীকে সাঁতার শিখে নিজেকে দক্ষ ও নিরাপদ রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের নিরাপদ জীবনযাপন ও নৌ দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মজু চৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

পাশাপাশি, বৈরী আবহাওয়ার সময় নদী ভ্রমণের মারাত্মক ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করেন নৌ পুলিশ ইনচার্জ। তিনি কড়া নির্দেশনা দিয়ে বলেন, ঝড়-তুফান, প্রচণ্ড বাতাস বা মেঘলা আবহাওয়ায় কোনো অবস্থাতেই নদীতে নামা বা নৌকা ভ্রমণ করা যাবে না। প্রকৃতির প্রতিকূল অবস্থায় নদী অত্যন্ত উত্তাল ও বিপজ্জনক হয়ে ওঠে। এই সময় সামান্য অসচেতনতা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখার অনুরোধ করেন।

যেকোনো নৌ বিপদে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নৌ পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। এই সচেতনতামূলক সভার মাধ্যমে শিক্ষার্থীরা নৌ নিরাপত্তা ও জীবন রক্ষার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান লাভ করে।