রাজশাহী আলোর পাঠশালায় পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। গত বৃহস্পতিবার ( ৭ মে ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উপভোগ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর ২৫শে বৈশাখ এই শুভদিনটি পালিত হয়। ১৮৬১ সালের ৭ই মে (বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।
জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা. নাসরিন খাতুন। সহকারী শিক্ষক খাদিজাতুল কুবরার সঞ্চালনায় পরিচালিত এ আয়োজনে শুরুতেই শিক্ষার্থীদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম ও বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলা বিষয়ের শিক্ষক মোসা. নাসরিন খাতুন।
এরপর শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। গানটির প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলের মধ্যে উৎসবের আবহ তৈরি করে।
পরবর্তীতে একে একে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে আরও মুখরিত করে তোলে। তাদের সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী সঠিক উত্তর প্রদান করে তাদের জ্ঞান ও আগ্রহের পরিচয় দেয়।
শিক্ষার্থীরা জানায়, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে এমন আয়োজনের মাধ্যমে তারা রবীন্দ্রনাথ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছে। ভবিষ্যতেও তারা স্বতঃস্ফূর্তভাবে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে।
সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন ও মানবিক শিক্ষার তাৎপর্য আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।