রাজশাহী আলোর পাঠশালায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী আলোর পাঠশালায় গত ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

গত ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাজশাহী আলোর পাঠশালায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ শামছুল হক, প্রধান শিক্ষক মোসা: রেজিনা খাতুন এবং সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান ইমাম ও মোঃ সারফরাদ। পরবর্তীতে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ শামছুল হক তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও মূল্যবান উপদেশ প্রদান করেন।

বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জেসমিন খাতুন এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জান্নাতুল ফেরদৌস পড়শী, যারা বড় ভাই-বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে। এরপর নবম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সুমাইয়া আক্তার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। এসময় বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান শিক্ষক মোসা: রেজিনা খাতুন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয় এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।