নৈসর্গিক ‘চর মেঘা’য় মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাই ‘চর মেঘা’য় আনন্দ ভ্রমণের আয়োজন করে।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুরের মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মেঘনা নদীর বুকে জেগে ওঠা নৈসর্গিক ‘চর মেঘা’য় এক বর্ণিল আনন্দ ভ্রমণ আয়োজিত হয়। বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই ভ্রমণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাই অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

আনন্দ ভ্রমণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব সোহরাব হোসেন ও ফাতেমা আক্তার। মেঘনার ঘাট থেকে ট্রলারযোগে যাত্রা শুরু হয়। প্রায় এক ঘণ্টার জলপথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর পর সোনালী বালু আর দিগন্তজোড়া জলরাশিতে ঘেরা চর মেঘার নির্জন সৌন্দর্য উপভোগ করেন সবাই। ট্রলার থেকে নেমেই শিক্ষার্থীরা মেতে ওঠে বালুচরে দৌড়াদৌড়ি ও দলগত খেলায়।

‘চর মেঘা’র উদ্দেশ্যে মেঘনার ঘাট থেকে শিক্ষার্থীদের ট্রলার যাত্রা।

ভ্রমণটিকে আরও আনন্দময় করতে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মতো নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতি শিক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করে। দুপুরে খোলা আকাশের নিচে নদীর পাড়ে সবাই একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে ফেরার সময় হয়। চর মেঘার শান্ত বিকেল আর মেঘনা নদীর ঢেউয়ের স্মৃতি নিয়ে শিক্ষার্থীরা বাড়ির পথে রওনা হয়। মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার এই উদ্যোগ শিক্ষা, ভ্রাতৃত্ব ও বিনোদনের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে, যা সবার হৃদয়ে দীর্ঘকাল অম্লান থাকবে।