স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি নিচ্ছে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপ

মহান স্বাধীনতা দিবস পানলে প্রস্তুতি নিচ্ছে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপ।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে দীর্ঘ ছুটি। ছুটির মধ্যেই উদ্‌যাপিত হবে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীসহ নানা কর্মসূচি। মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নিতে ছুটির মধ্যেও চর্চা চালিয়ে যাচ্ছে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপের সদস্যরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে।

গত বৃহস্পতিবার ছিল অনুশীলনের শেষ দিন। গত এক সপ্তাহ থেকে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপের প্রায় ৬০ জন সদস্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুশীলনে ব্যস্ত ছিল। বিদ্যালয়ের কাব দল ও স্কাউট দল দুটির সদস্যরা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অনুশীলন করে।

মহান স্বাধীনতা দিবস পানলে প্রস্তুতি নিচ্ছে বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপ।

কাব দলের লিডার মাসুমা খাতুন বলে, ‘আমরা বিজয় ও স্বাধীনতা দিবসে মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেওয়ার জন্য সাধারণত এক সপ্তাহ আগে প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু এবার ঈদের ছুটির জন্য সেই সুযোগ নেই। তাই আমরা ছুটির মধ্যেই অনুশীলন করছি। গত এক সপ্তাহের অনুশীলনে আমাদের কুচকাওয়াজ আরও ভালো হয়েছে। আশা করি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা পুরস্কার নিয়ে আসব।’

স্কাউট দলের লিডার মারুফা খাতুন বলে, ‘আমাদের বিদ্যালয়ের দল নিবন্ধনের পর প্রথমবারের মত গত বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে আমরা অংশ নিয়েছিলাম। আমরা উভয় ক্ষেত্রেই দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। এবার আমাদের বিদ্যালয় থেকে কাব ও স্কাউট দুটি দল নামবে। আমরা গত এক সপ্তাহ থেকে প্রস্তুতি নিচ্ছি যেন এবার আরও ভালো করতে পারি। ৫ মার্চ অনুশীলনের শেষ দিন ছিল। আমাদের দল দুটি খুব ভালো করেছে। আশা করছি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও আমরা পুরস্কার অর্জন করে ফিরব।’

বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, ‘পাঠ্যক্রমের বাইরে সহপাঠ্যক্রমিক কার্যক্রম না থাকলে শিক্ষার্থীদের মেধার বিকাশ যথাযথ ঘটে না। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কাউটিং কার্যক্রমে খুবই আগ্রহ নিয়ে আসে। স্বাধীনতা দিবসে যেন আমাদের দুটি দল ভালো করে তার জন্য এ অনুশীলন। বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী উজ্জামান নূর স্যারের নির্দেশনায় আমাদের এ অনুশীলন কার্যক্রম খুবই ফলপ্রসূ হবে বলে আশা করছি। এ অনুশীলনে সহযোগিতা করেছে অত্র বিদ্যালয়ের কাব লিডার মেহেদী হাসান।’