মদনপুরের দুর্গম চরে বসবাস করলেও স্বপ্নে আকাশ ছুঁতে চায় সানজিদা আক্তার। সানজিদা প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির ছাত্রী। দারিদ্র্য, যোগাযোগের প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি—এ সব বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সানজিদা। বড় হয়ে সে চিকিৎসক হতে চায়। সেই দৃঢ় প্রত্যয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
সানজিদার পরিবার সাধারণ কৃষক পরিবার। বর্ষাকালে চরের বেশির ভাগ এলাকা পানিতে ডুবে যায়, তখন বিদ্যালয়ে যাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কখনো নৌকা, কখনো হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে স্কুলে পৌঁছায়। পড়াশোনার জন্য আলাদা পড়ার ঘর বা পর্যাপ্ত আলো নেই; তবুও সোলার বাতি জ্বালিয়ে সে রাত জেগে পড়ে। সানজিদা খুব মনোযোগী ও মেধাবী ছাত্রী। ক্লাসে সব সময় প্রথম সারিতে বসে মন দিয়ে পাঠ শোনে এবং নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করে। সহপাঠীরাও তাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখে।
সানজিদা জানায়, ছোটবেলা থেকেই সে গ্রামের অসুস্থ মানুষদের কষ্ট দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আসছে। সে বিশ্বাস করে, পড়াশোনা চালিয়ে যেতে পারলে একদিন সে চিকিৎসক হয়ে নিজের এলাকার মানুষের সেবা করতে পারবে। সানজিদার স্বপ্ন পূরণ হোক—এটাই সবার প্রত্যাশা।