২৫শে জানুয়ারি, ২০২৬ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী । দিনটি উপলক্ষে দমদমিয়া আলোর পাঠশালায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালিত হয়েছে। আলোর পাঠশালায় আজ দুপুর দুইটায় একটি আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বাংলা সাহিত্যে কবির অবদান, মহাকাব্য ‘মেঘনাদ বধ’, চতুর্দশপদী কবিতা এবং কবির সংক্ষিপ্ত জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান শিক্ষকের পর সহকারী শিক্ষকবৃন্দ নির্দিষ্ট একটি করে টপিকে আলোচনায় অংশ নেন। শিক্ষকদের মধ্যে মোঃ জোনায়েদ কবির কবির শিক্ষা জীবন, আমান উল্লাহ কবির প্রবাস জীবন, রবিউল আলম কবির পারিবারিক জীবন এবং অর্জন এবং সবশেষে সৈয়দ নুর কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। শিক্ষকদের বক্তব্যের তথ্যের ভিত্তিতে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও কবির জীবনী নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।