প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বান্দরবানে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছ পরিচর্যার মাধ্যমে জীবন গড়ার গভীর তাৎপর্য তুলে ধরা হয়।
বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয়—এই চিরন্তন প্রবাদের ওপর ভিত্তি করে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য কেবল সবুজ পরিবেশ গড়ে তোলা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকভাবে সমৃদ্ধ করে তোলা।
একটি কোমল চারাগাছ যেভাবে নিয়মিত পানি, সার, আগাছা পরিষ্কার ও সঠিক পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে বিশাল মহীরুহে পরিণত হয়; ঠিক তেমনি সঠিক শিক্ষা, শৃঙ্খলা, অভিভাবক ও শিক্ষকের দিকনির্দেশনায় একজন শিক্ষার্থীও সুনাগরিক হয়ে ওঠে।
বৃক্ষ নিজের জন্য কিছু সঞ্চয় করে না; ফুল, ফল, ছায়া ও অক্সিজেন দিয়ে অন্যকে বিলিয়ে দেয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে নিজেদের জ্ঞান ও মানবিকতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণ করতে।
একটি ফলদ বৃক্ষের প্রকৃত পরিচয় যেমন তার সুস্বাদু ফলে, তেমনি একজন মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তার সৎ কর্ম, আচার-ব্যবহার ও অবদানের মাধ্যমে।
আয়োজকদের মতে, আজকের এই ক্ষুদ্র চারাগাছটি যেমন আগামীতে ছায়া ও ফল দেবে, ঠিক তেমনি আজকের শিক্ষার্থীরাই সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে সমাজ ও দেশের যোগ্য কর্ণধার হয়ে উঠবে।