আলোর পাঠশালায় ন্যাপকিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী আলোর পাঠশালার ৫৫ ছাত্রীর প্রত্যেককে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী আলোর পাঠশালায় এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে আলোর পাঠশালার ৫৫ ছাত্রীর প্রত্যেককে সেনোরা ন্যাপকিনের পাঁচটি প্যাডের একটি প্যাকেট ও দুটি ট্রাভেল প্যাডের আরেকটি প্যাকেট দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আটটি আলোর পাঠশালার ছাত্রীদের মধ্যে স্কয়ার টয়লেট্রিজের ছয় হাজার সেনোরা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করার পর স্কুল প্রাঙ্গণে সকলের সমবেত ছবি।

রাজশাহী নগরের তালাইমারী এলাকায় অবস্থিত আলোর পাঠশালায় এই বিতরণ অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

মো. ফেরদৌসুল ইসলাম তাঁদের প্রতিষ্ঠানের তৈরি সেনোরা ন্যাপকিনের সঙ্গে বাজারের অন্যান্য ন্যাপকিনের পার্থক্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সেনোরা ন্যাপকিন সেন্টমুক্ত ন্যাপকিন। ন্যাপকিনে সেন্ট ব্যবহার করা হলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এই ন্যাপকিনে এমন সমস্যা নেই। ন্যাপকিন স্বাস্থ্যসম্মত না হলে তাতে অনেক স্বাস্থ্যঝুঁকি রয়েছে।’

সূত্র: ৭ আগস্ট ২০২৬ তারিখ শুক্রবার প্রথম আলোর রাজশাহী সংস্করণে ছাপা হয়েছে।