আলোর পাঠশালায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভাছবি: প্রথম আলো

কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাঠশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। আলোচনা করেন  শিক্ষক লুইশ মুরমু, বিমল হাঁসদাক, নীলমুনি কিস্কু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাঈদ মাহমুদ।

এ সময় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সাঁওতাল বিদ্রোহ দিবস ভারতীয় উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের মধ্যে অন্যতম। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম। এই আন্দোলন শুরুতে সাঁওতালদের মধ্যে থাকলেও পরে তা সর্বস্তরে ছড়িয়ে পড়ে। এতে যোগ দেন বাঙালি ও বিহারির বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।