বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লায় মহানন্দা নদীর তীরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর রোববার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী পালন করেছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লায় মহানন্দা নদীর তীরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় চত্বরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সকাল ৯ টায় সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ ও দোয়ার আয়োজনও করা হয়।

এসময় স্মৃতিসৌধে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি পুষ্পাঞ্জলি অর্পণ করে বাবুডাইং আলোর পাঠশালা। পুষ্পাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর বাবুডাইং আলোর পাঠশালার উদ্যোগে মহিউদ্দিন জাহাঙ্গীর স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাঁথা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ-চেতনা বিষয়ে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হক, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণার উৎস। দেশকে স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তাঁরা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন, সেই শোষণ ও বঞ্চনার ধারা আজও অব্যাহত রয়েছে। আমরা আজও পুরোপুরি মুক্ত হতে পারিনি। তাই আমাদের দেশকে ভালোবাসতে হবে। তাঁদের মতো আমাদেরও বুকের ভেতরে দেশপ্রেমকে লালন করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। তাঁদের স্মরণে রাখতে হবে। আমাদের গর্ব সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন এখানে আছেন। এছাড়া প্রায় ২০ কি.মি. দূর থেকে বাবুডাইং আলোর পাঠশালার পক্ষ থেকে পুষ্পাঞ্জলি দিতে আসায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক সাঈদ মাহমুদ, উম্মে কুলসুম, তাকদিরুল ইসলাম, দীপংকর পাল, খন্ডকালীন শিক্ষক শাহনিনা প্রামাণিক, কম্পিউটার অপারেটর মেহেদী হাসানসহ প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।