সংগ্রাম আর ইচ্ছাশক্তির প্রতীক সোহেল

মদনপুর আলোর পাঠশালার প্রাক্তন শিক্ষার্থী মো. সোহেল যুক্ত হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবায়।

দারিদ্র্য ও প্রতিকূলতা যেখানে মানুষের পথ আগলে দাঁড়ায়, সেখানে প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জোরে নিজের ভাগ্য বদলে চলেছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মদনপুর এলাকার তরুণ মো. সোহেল। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সোহেল নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবারকেও দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা। মদনপুর আলোর পাঠশালা থেকে কৃতিত্বের সাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসি পরীক্ষা পাস করেন মো. সোহেল। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি প্রবেশ করেন উচ্চশিক্ষার আঙিনায়। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজে ভূগোল বিষয়ে অনার্স ৩য় সেমিস্টারে পড়াশোনা করছেন।

তবে শুধু পড়াশোনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সোহেল। তিনি বর্তমানে যুক্ত হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবায়। সোহেলের বাবা জাহাঙ্গীর মাঝি ও মা নাজমা বেগম। মদনপুর চরাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোহেলের এমন একাগ্রতা ও আত্মবিশ্বাস স্থানীয় তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজের অনুভূতি প্রকাশ করে মো. সোহেল জানান, মদনপুর আলোর পাঠশালা আমার শিক্ষার মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল। জীবনসংগ্রাম যত কঠিনই হোক না কেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। শিক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে আরও বড় কোনো সাফল্য অর্জনে সহায়তা করবে।