গত ১৪ আগস্ট ,শুক্রবার বান্দরবানে আয়োজিত শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দিনব্যাপী এক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সভায় যোগদান করেন উপজেলার কচ্ছপতলী আলোর পাঠশালা-র প্রধান শিক্ষক জনাব লাপ্রাদ ত্রিপুরা। সভা শেষে ব্যানবেইসের মহাপরিচালক (পরিচালক) প্রফেসর মো. গোলাম ফিরোজের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। সাক্ষাতকালে মহাপরিচালক পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে কচ্ছপতলী আলোর পাঠশালার ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
তিনি জানান, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত টানা ৩ বছর ব্যানবেইসে সঠিক সময়ে নিখুঁত তথ্য প্রেরণ করায় প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন। এর পাশাপাশি তিনি কচ্ছপতলী আলোর পাঠশালাকে দ্রুত এমপিওভুক্ত (MPO) করার ইতিবাচক আশ্বাস ও প্রতিশ্রুতি প্রদান করেন। মহাপরিচালক আরও উল্লেখ করেন, প্রতি বছর শিক্ষা জরিপের সঠিক তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছানোর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং ব্যানবেইসের সাথে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার উপদেশ দেন। পিছিয়ে থাকা পার্বত্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেকোনো সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন। তিনিও পার্বত্য অঞ্চলের শিক্ষার সার্বিক উন্নয়নে আঞ্চলিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশি বেশি প্রচার এবং সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।