বাবুডাইং আলোর পাঠশালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন

বাবুডাইং আলোর পাঠশালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন।

প্রতি বছর ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়। ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ও স্বীকৃতি লাভের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি উদযাপিত হয়। দিবসটিকে কেন্দ্র করে গত বুধবার নিজ বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি্যান, প্যাক মিটিং ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ।

স্কাউটস দিবস উপলক্ষে দুপুর দুইটায় বিদ্যালয়ের প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় স্কাউট সদস্যরা।

এ উপলক্ষে দুপুর দুইটায় বিদ্যালয়ের প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় স্কাউট সদস্যরা। এরপর মাঠে অনুষ্ঠিত হয় প্যাক মিটিং। উত্তোলন করা হয় স্কাউট ও কাব পতাকা। পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজসেবা ও স্বাস্থ্য) হেলাল উদ্দিন শেখ নাসিম এবং বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সভাপতি আলী উজ্জামান নূর। প্রার্থনার পর বাংলাদেশ স্কাউটসের সংক্ষিপ্ত ইতিহাস, স্কাউটস সদস্যদের করণীয়, বর্জনীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন হেলাল উদ্দিন শেখ নাসিম, আলী উজ্জামান নূর,  কাব লিডার মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপ সম্পাদক সাঈদ মাহমুদ।

হেলাল উদ্দিন শেখ নাসিম বলেন, স্কাউটস সদস্যরা সবসময় কর্মঠ ও পরিচ্ছন্ন মনের হয়। আর আজ তা দেখা গেল এখানে এসে। বাবুডাইং আলোর পাঠশালার স্কাউটরা নানা কাজে সবসময় এগিয়ে থাকে। গ্রুপটি নিবন্ধন পাবার পর থেকেই বিভিন্ন কাজে এগিয়ে রয়েছে। প্রথমবারের মত মাঠে নেমে ছিনিয়ে নিয়ে এসেছে পুরস্কার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অর্জন চমকপ্রদ। উপজেলা প্রশাসন আয়োজিত খেলাধুলায় অংশ নিয়ে জিতেছে ১৩টি পুরস্কার। যা আর কোন প্রতিষ্ঠান অর্জন করতে পারেনি। স্কাউট কার্যক্রমে এ সাফল্য ধারাবাহিক থাকুক এ কামনা করি।