কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যন্ত জনপদ প্রথম আলো চর। নদীভাঙন, বন্যা আর চরম দারিদ্র্যের সাথে নিত্য লড়াই করেই বেড়ে ওঠে এখানকার শিশুরা। তবে শত প্রতিকূলতাও দমাতে পারেনি অদম্য কিশোর মোঃ আখিরুল ইসলামকে। সে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার অষ্টম শ্রেণির একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী। তার চোখে এখন একটাই বড় স্বপ্ন ভবিষ্যতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হয়ে দেশের শিক্ষাব্যবস্থায় অবদান রাখা।
চরাঞ্চলের আর দশটি পরিবারের মতো আখিরুলের পরিবারও প্রকৃতির বৈরিতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। সংসারের কাজে বাবা-মাকে সাহায্য করা এবং যাতায়াতের দুর্গম পথ পাড়ি দিয়েও আখিরুল নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ শিক্ষকদের মুগ্ধ করে। শ্রেণিকক্ষের পাঠ শেষ করে বাড়িতে ফিরেও সে নিয়মিত পাঠ্যবই অনুশীলন করে। চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার অভাব খুব কাছ থেকে দেখেছে আখিরুল। আলোর পাঠশালার শিক্ষকদের আন্তরিকতা ও পাঠদান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
এ বিষয়ে আখিরুল জানায়, ' আমাদের চরের মতো প্রত্যন্ত এলাকায় ভালো শিক্ষকের অনেক অভাব। আলোর পাঠশালা না থাকলে হয়তো আমার পড়াশোনাই হতো না। তাই আমি বড় হয়ে বিসিএস শিক্ষা ক্যাডার হতে চাই, যেন একজন আদর্শ শিক্ষক হয়ে চরের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি।' অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে এগিয়ে চলেছে আখিরুল। চরের বালিয়াড়ি পেরিয়ে একদিন সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা শেষ করে একজন সফল শিক্ষা ক্যাডার হিসেবে নিজের ও চরের মানুষের মুখ উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সবার।