প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. ইসমাইল ১১ ফেব্রুয়ারি, ২০২৬ হতে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুল জব্বার ও বেগম সোনা মেহের দম্পতির ছেলে মো. ইসমাইল। ১৯৯৭ সালে দমদমিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে দমদমিয়া আলোর পাঠশালা) শিশু শ্রেণিতে ভর্তির মাধ্যমে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। তিনি এই বিদ্যালয়ে ২০০২ সাল অবধি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ২০০৮ সালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে টঙ্গী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবিতে স্নাতক এবং সাউদার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবিতে স্নাতকোত্তর পাস করেন। একটি অনগ্রসর এলাকা থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে এগিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (Community Development Center) পরিচালিত শিক্ষা প্রকল্পে সুপারভাইজার পদে কর্মরত।
মো. ইসমাইল অত্র অঞ্চলের প্রেরণা। এলাকায় শিক্ষাবিস্তারে তিনি অনেক অবদান রাখছেন। যুব সমাজের গঠনমূলক উন্নয়নেও কাজ করছেন। তাঁর শিক্ষাবান্ধব মানসিকতার জন্য গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের সভায় সকল অভিভাবক এবং গ্রামবাসী তাঁকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেন। পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ করে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
সভাপতি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু বলেন, তিনি শিক্ষিত এবং শিক্ষানুরাগী মানুষ। বিগত সময়ে তিনি এলাকায় শিক্ষা বিস্তারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। যার কারণে এই বিদ্যালয়ের প্রতি তাঁর একটা মমত্ববোধ আছে। আমরা আশাবাদী তাঁর পরিচালনায় আমাদের বিদ্যালয় সুনাম বয়ে আনবে।’
দায়িত্ব গ্রহণের পরে মো. ইসমাইল বলেন, আমি এই বিদ্যালয়ের ছাত্র। এই বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল। এখন সেই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। গ্রামবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে আমি সর্বদা সচেষ্ট থাকব। সেই সঙ্গে আমি প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বিদ্যালয়টি পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য।’