কচ্ছপতলী আলোর পাঠশালায় ক্লাস পার্টি ও মিলনমেলার আয়োজন

শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির প্রাণবন্ত সম্মিলনে কচ্ছপতলী আলোর পাঠশালায় বর্ষশেষ আয়োজন।

বছর শেষের আনন্দঘন মুহূর্তকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের উদ্যোগে ১৬ নভেম্বর ‘ক্লাস পার্টি ও মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হন। সকলের উপস্থিতিতে বিদায়ী বছরের বিভিন্ন সাফল্য ও অর্জন মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করা, নৈতিকতা চর্চা এবং বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির প্রাণবন্ত সম্মিলনে কচ্ছপতলী আলোর পাঠশালায় বর্ষশেষ আয়োজন।

আলোচনা পর্ব শেষে পাঠশালার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে যৌথভাবে বর্ষশেষের কেক কাটা হয়। কেক কাটার মুহূর্তে করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এরপর শিক্ষার্থীদের মাঝে গান, আড্ডা ও হাসি-আনন্দে এক প্রাণবন্ত ও উৎসবমুখর আমেজ ছড়িয়ে পড়ে। আয়োজনে শেষ পর্বে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যদের জন্য প্রীতিভোজের (দুপুরের খাবারের) ব্যবস্থা করা হয়।

আয়োজনে শেষ পর্বে সকল শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যদের জন্য প্রীতিভোজের (দুপুরের খাবারের) ব্যবস্থা করা হয়।

নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের সুযোগ করে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সহপাঠীসুলভ সম্পর্ক আরও গভীর হয়, পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।