কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের দুধকুমার ও গঙ্গাধার নদীবেষ্টিত চরাঞ্চলের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মো. ফজলু মিয়ার স্বপ্ন এখন দেশের অন্যতম সেরা প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করা।
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালার এই শিক্ষার্থী প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজের মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ভালো ফলের আশা ও বুয়েটে ভর্তির লক্ষ্যে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এখন।
ফজলু মিয়ার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা। তার এই স্বপ্ন, নিষ্ঠা ও এগিয়ে যাওয়ার প্রত্যয় চরাঞ্চলের অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় গড়ে ওঠা প্রথম আলো চর আলোর পাঠশালা যে প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন দেখার সাহস ও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, ফজলু মিয়া তারই একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
একটি ছোট্ট কুঁড়েঘর থেকে বুয়েটের স্বপ্ন দেখা ফজলু মিয়ার এই স্বপ্নযাত্রা সফল হোক—এটাই তার শিক্ষক ও পরিবারের প্রত্যাশা।