ডাক্তার হতে চায়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত মুরসালিন

কামদেবপুর আলোর পাঠশালার ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী মুরসালিন বর্তমানে নিয়ামতপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে।

থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে নওগাঁর নিয়ামতপুর থানার গুড়িহারী শালবাড়ী গ্রামের মো. মুরসালিন। গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী মুরসালিন বিজ্ঞান বিভাগ থেকে ৪.০০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে নিয়ামতপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে।

মুরসালিনের জীবনে এই রোগ নতুন নয়। জন্মের আগেই থ্যালাসেমিয়ার কারণে সে তার বড় দুই ভাই-বোনকে হারিয়েছে। ২০১০ সালের ১লা মে জন্ম নেওয়া মুরসালিনও এই রোগে ভুগছে। তাকে নিয়মিত রক্ত নিতে হয়; আগে প্রতি মাসে লাগলেও এখন দুই মাস পরপর রক্ত নিতে হচ্ছে। রক্ত পেতে সামান্য দেরি হলেই তার শরীর হলুদ বর্ণ ধারণ করে। বর্তমানে তার চিকিৎসা চলছে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসক ডা. আবী আব্রাহামের তত্ত্বাবধানে। চিকিৎসার জন্য বছরে দুই-তিনবার তাকে ভারতে যেতে হয়।

অসুস্থতার সঙ্গে যুদ্ধ করেও লেখাপড়ায় মুরসালিনের আগ্রহ প্রবল। তার মা শামিমা আক্তার জানান, স্কুল থেকে ফিরে এসেও সে পড়তে বসে। চাপ নিতে নিষেধ করলেও শোনে না। মা আরও বলেন, ' দুই সন্তানকে হারিয়েছি, একে আর হারাতে চাই না। যতো কষ্টই হোক, আমি তার চিকিৎসা চালিয়ে যাবো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।' মুরসালিন শুধুমাত্র নিজের জন্য ডাক্তার হতে চায় না। তার ইচ্ছা, ' লেখা-পড়া করে আমি ডাক্তার হতে চাই। সেটা যেকোনো ধরনের ডাক্তার, আমার চিকিৎসার দ্বারা আল্লাহর সৃষ্ট কোনো না কোনো প্রাণী যেন সুস্থ হয়।' চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার আগ্রহ এত বেশি যে, এসএসসি পরীক্ষার পর সে তার নিজ উপজেলা নিয়ামতপুরে প্রতিদিন একটি ফার্মেসিতে বসতো ঔষধপত্রের সঙ্গে পরিচিত হওয়ার জন্য।

মুরসালিনের স্কুলের প্রধান শিক্ষক রাজিত দাস তার মেধার প্রশংসা করে বলেন, মুরসালিন খুব মেধাবী একজন শিক্ষার্থী। অসুস্থ শরীর নিয়েও সে নিয়মিত স্কুলে আসতো। তিনি জানান, তার রক্তের গ্রুপের (A+) সাথে মুরসালিনের রক্তের গ্রুপের মিল থাকায় তিনি তাকে রক্ত দেওয়ার সৌভাগ্য পেয়েছেন এবং মুরসালিনের স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করেন। গুড়িহারী গ্রামের মো. মোতালেব হোসেনও মুরসালিনের দীর্ঘ জীবন ও ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষের সেবা করার ইচ্ছাকে সাধুবাদ জানান।