দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের নেওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিভা অন্বেষণ ২০২৬ প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা। নিয়ামতপুর উপজেলায় বাছাই প্রক্রিয়া শেষে এই বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী ফুটবল, ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটস ইভেন্টে জেলা পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ০২ মে,২০২৬ তারিখে একযোগে সারা দেশে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটস, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশ নিতে পেরেছেন।
গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চলে। নিয়ামতপুর উপজেলা থেকে সর্বমোট ৫৯৭ জন শিক্ষার্থী ৮টি ইভেন্টে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ২৯ ও ৩০ এপ্রিল উপজেলা পর্যায়ে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জেলা পর্যায়ের জন্য সেরাদের নির্বাচন করা হয়।
বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার মোট ১৭ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে নাম লিখিয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনীর দিন (০২ মে) নিয়ামতপুর উপজেলা বনাম সদর নওগাঁ উপজেলার মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে নৈপুণ্য দেখিয়ে নিয়ামতপুর উপজেলা দলের ৩ জন বালিকা নওগাঁ জেলা দলের হয়ে খেলার সুযোগ পায়। এই ৩ জনের মধ্যে ২ জনই—প্রমিতা টুডু ও জুঁই দাস—গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার নিয়মিত শিক্ষার্থী।
পরবর্তীতে ৫ মে কাবাডি এবং ৬ মে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর বনাম পোরশা উপজেলার মধ্যকার ক্রিকেট ম্যাচে নিয়ামতপুর উপজেলা জয়লাভ করেছে।আগামী ৯ মে অ্যাথলেটস ইভেন্টে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের এই খুদে অ্যাথলেটরা তাদের দক্ষতা দিয়ে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।