সাভারের রানা প্লাজা ধসের ঘটনার প্রথম দিন থেকেই প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে বন্ধুসভা ওষুধ ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে কাজ শুরু করে। সমাজের সর্বস্তরের মানুষ তহবিলে সহায়তা প্রদান করেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য মেরিল - প্রথম আলো সাভার সহায়তা তহবিল গঠন করা হয়। এই তহবিলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় পতিত এবং আহত ব্যক্তিদের জন্য খাবার, স্প্রে, অক্সিজেন ও পানি সরবরাহ করা হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে, গুরুতর আহত ব্যক্তিদের মধ্য থেকে পুনর্বাসনের জন্য ১০১ জনের প্রত্যেককে দেওয়া হয় ১ লাখ টাকা। এ ছাড়া রানা প্লাজায় নিহত ব্যক্তিদের ২০ জনের সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্ব পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে।
ইমাম হাসান বলেন, ‘বৃত্তির টাকা দিয়েই পড়াশোনা করেছি। রানা প্লাজা ধসে আমার বাবা মারা যাওয়ার পর অর্থ কষ্টে ছিলাম। প্রথম আলো ট্রাস্ট সেদিন পাশে না দাঁড়ালে আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না।’